কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার এক বিশাল আন্তর্জাতিক প্রতারণা চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রটি গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’ ব্যবহার করে জটিল স্ক্যাম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চীনের একটি সাইবার অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট Google।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে গুগল জানায়, তারা এই প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
এফবিআই ও টেলিকম কোম্পানির সঙ্গে যৌথ অভিযান
এই আন্তর্জাতিক সাইবার অপরাধী নেটওয়ার্কটি ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা Federal Bureau of Investigation (এফবিআই), এবং দেশের শীর্ষ মোবাইল অপারেটর, AT&T, T-Mobile ও Verizon-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে গুগল।
গুগলের জেনারেল কাউন্সেল ডিলেইন প্রাডো বলেন, এই সমন্বিত তদন্ত ও আইনি পদক্ষেপই প্রমাণ করে যে, জালিয়াতি চক্রটি কতটা বিস্তৃত ও সংগঠিতভাবে কাজ করছিল।
কীভাবে তৈরি হতো প্রতারণার ফাঁদ
আদালতে দাখিল করা মামলায় গুগল “আউটসাইডার এন্টারপ্রাইজ” নামের একটি চীনা আন্ডারগ্রাউন্ড অপরাধী গোষ্ঠীকে দায়ী করেছে। অভিযোগ অনুযায়ী, এই চক্রটি গুগলের নাম ও প্রযুক্তিকে অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক কনটেন্ট তৈরি করত।
তদন্তে জানা গেছে, হ্যাকাররা এআই ব্যবহার করে অত্যন্ত বাস্তবসম্মত টেক্সট বার্তা তৈরি করত এবং গুগল, ইউটিউব, মার্কিন ডাক বিভাগ ও নিউ ইয়র্কের টোল সেবা “E-ZPass”-এর হুবহু নকল ওয়েবসাইট বানাত।
তবে গুগল জানায়, কীভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এই অপব্যবহার করা হয়েছে, তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।
দুই সপ্তাহেই লাখো মানুষ টার্গেট
গুগলের তথ্য অনুযায়ী, এই একক স্ক্যাম অপারেশন থেকেই ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ প্রতারণার শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির পরিমাণ পৌঁছেছে কয়েক মিলিয়ন ডলারে।
চক্রটির কার্যক্রমের কিছু ভয়াবহ পরিসংখ্যান নিচে দেওয়া হলো-
>>৯,০০০ ভুয়া ওয়েবসাইট: ৯ হাজারের বেশি নকল ওয়েবসাইট এবং ১০ লাখের বেশি প্রতারণামূলক URL তৈরি করা হয়েছে।
>>২৫ লাখ ক্ষতিকর বার্তা: মাত্র দুই সপ্তাহে ২৫ লাখেরও বেশি স্প্যাম লিংকসহ মেসেজ পাঠানো হয়েছে।
>>৫৫,০০০ স্প্যাম শনাক্ত: অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ব্যবস্থায় অন্তত ৫৫ হাজার মেসেজকে বিপজ্জনক স্প্যাম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এআই-ভিত্তিক স্ক্যাম মোকাবিলায় নতুন আইন উদ্যোগ
গুগল সতর্ক করে জানিয়েছে, এআই প্রযুক্তি অপরাধীদের প্রতারণা আরও সহজ ও বাস্তবসম্মত করে তুলছে। এই ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অন্তত সাতটি নতুন আইন পাসের জন্য লবিং করছে।
এর মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রস্তাব হলো, “ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর কমব্যাটিং স্ক্যামস অ্যাক্ট” এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষায় “স্টপ স্ক্যামস এগেইনস্ট সিনিয়র্স অ্যাক্ট”।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিক বলেন, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপরাধ চক্র, যা ফোন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে লক্ষ্য করছে।
এফবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্রেট লেদারম্যান আরও বলেন, অপরাধীরা এখন এআই ব্যবহার করে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে, তাই এদের মোকাবিলায় শক্তিশালী আন্তর্জাতিক আইনগত কাঠামো জরুরি। সূত্র: দ্য ভার্জ